২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে নিজ দোকানে খুন ক্ষুদ্র ব্যবসায়ী

ফেনীতে নিজ দোকান থেকে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 10:43 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় ফিলিং স্টেশন সংলগ্ন চা দোকানে মোহাম্মদ ইব্রাহিম ওরফে কনু মিস্ত্রীর (৫৫) লাশ পাওয়া যায়।

ইব্রাহিম ফেনী সদরের কালিদহ ইউনিয়নের পশ্চিম সিলোনিয়া গ্রামের ফরাজি বাড়ির মৃত ছেরু মিয়ার ছেলে। চা দোকানের পাশাপাশি টিউবওয়েল মিস্ত্রীর কাজও করতেন তিনি।

নিহতের স্ত্রী হাসিনা আক্তার জানান, সকালে কিস্তির টাকার নেওয়ার জন্য ইব্রাহীমের দোকানে যান তিনি। দোকানের সামনের দরজা ভেতর থেকে বন্ধ দেখে তিনি পিছনের দরজায় যান। ওই দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকে দোকানের মেঝেতে স্বামীকে পড়ে থাকতে দেখেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, নিহতের ঘাড়ে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধারের সময় ইব্রাহিমের নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।   

ইব্রাহিমের সঙ্গে জায়গা-জমি নিয়ে তার ভাতিজাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করবেন বলেও শাহীনুজ্জামান জানান।  

হামলাকারীরা ইব্রাহিমকে হত্যার পর তার ক্যাশ থেকে টাকা ও দোকানের নানা জিনিসপত্র নিয়ে গেছে বলে স্থানীয়রা ধারণা করছেন, বলেন পরিদর্শক শাহীনুজ্জামান।