২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বোমা বিস্ফোরণে কিশোরের মৃত্যুর ঘটনায় মামলা

কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাটে বোমা বিস্ফোরণে স্কুলছাত্র নাঈম হোসেন নয়নের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 05:05 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

শুক্রবার রাতে কুষ্টিয়া মডেল থানার এসআই তারেক বিস্ফোরণ আইনে মামলাটি করেন।

থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী বলেন, মামলায় অজ্ঞাতপরিচয় ৩-৪ জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে করা যায়নি।

শুক্রবার সকালে কবুরহাট বাজারে বোমার বিস্ফোরণে নাঈম হোসেন (১৫) নিহত ও তার সঙ্গে থাকা হাফিজুর রহমান (১৫) আহত হয়। হাফিজকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা ক্রিকেট খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমার শিকার হয় বলে স্থানীয়দের কাছে শোনা গেলেও পুলিশ বলছে, নাঈম নিজেই ওই বোমা বহন করছিল।

এ ঘটনার আধা ঘণ্টা আগে উপজেলার বটতৈলে দুর্বৃত্তদের হামলায় হোমিওপ্যাথ চিকিৎসক মীর সানোয়ার রহমান ও তার বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান আহত হন।

শনিবার সকালে কুষ্টিয়া কালেক্টরেট ঈদগাহ ময়দানে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয় বলে তার ভাই আনিসুর রহমান জানান।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বটতৈল ইউনিয়নের শিশিরপাড়া মাঠ এলাকায় মোটরসাইকেলে আসা তিন হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে সানোয়ার ও সাইফুজ্জামানকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই সানোয়ারের মৃত্যু হয়।

সাইফুজ্জামানকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সানোয়ার বাউল মতের অনুসারী ছিলেন। তার সঙ্গে সাইফুজ্জামানও প্রায়ই বাউল গানের বিভিন্ন অনুষ্ঠানে যেতেন বলে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুর রহমান জানান।

ইসলামিক স্টেট (আইএস) সানোয়ার হত্যার দায় স্বীকার করেছে বলে খবর দিয়েছে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

পুরনো খবর:

বাউলভক্ত চিকিৎসককে কুপিয়ে হত্যা, বিস্ফোরণে কিশোরের মৃত্যু