২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজছাত্রীকে গলাকেটে হত্যার পর যুবকের ‘আত্মহত্যা’

নীলফামারী শহরে এক কলেজছাত্রীকে গলাকেটে হত্যার পর এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 03:53 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

নীলফামারী সদর ওসি মো. শাহজাহান পাশা জানান, শনিবার শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজের সামনের সড়কে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন পৌর এলাকার পূর্ব কুখাপাড়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে লিজা আক্তার (১৮) ও সদর উপজেলার নগরবন্দ কির্ত্তনীয়াপাড়া গ্রামের জয়েদ আলীর ছেলে রবিউল ইসলাম নয়ন (৩০)।

লিজা মশিউর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও নয়ন উত্তরা ইপিজেডের চশমা প্রস্তুতকারী সনিক কারখানার মাক্রোবাস চালক ছিলেন।

লিজার মা রেহানা বেগম বলেন, “সকাল ৭টার দিকে পাঁচমাথায় প্রাইভেট পড়তে যায় লিজা। সকাল সাড়ে ৯টার দিকে লোকমুখে শুনি তার গলাকাটা মৃতদেহ মশিউর রহমান কলেজের সামনের সড়কে পড়ে আছে।”

প্রত্যক্ষদর্শী লিজার সহপাঠী সবিতা রাণী রায় বলেন, “আমরা  তিনজন শহরের পাঁচমাথা এলাকার সংগ্রাম স্যারের কাছে প্রাইভেট শেষে হেঁটে বাড়ি ফিরছিলাম।

“এ সময় কলেজের সামনের সড়কে আসলে পেছন থেকে ধারালো ছোড়া নিয়ে লিজাকে আক্রমণ করে মাইক্রোবাস চালক নয়ন। এক পর্যায়ে ধারালো ছোড়া দিয়ে লিজার গলা কেটে দিয়ে একই ছোড়া দিয়ে নিজের গলাকাটে সে।”

লিজার ভাবি জীবন নেছা বলেন, “গত ছয় মাস ধরে কলেজ ও প্রাইভেট যাওয়া আসার পথে লিজাকে উত্ত্যক্ত করতো নয়ন।”

এ বিষয়ে নয়নের বড়ভাই সহিদুল ইসলাম বলেন, “ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।লোকমুখে শুনে সেখানে যাই।”

নয়ন স্ত্রী ও মেয়েকে নিয়ে ইপিজেডের কোয়ার্টারে থাকতো বলে জানান তিনি।

ওসি শাহজাহান পাশা বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।