ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সংঘর্ষে তরুণ নিহত, আটক ২৭
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্বাচনী বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক তরুণের মৃত্যুর ঘটনায় পুলিশ ২৭ জনকে অটক করেছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোবাশ্বের আলী (২৪) টেটাবিদ্ধ হয়ে মারা যান বলে সিনিয়র এএসপি (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৩ এপ্রিল পাকশিমুল ইউনিয়নের নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী জয়নাল মিয়া বিজয়ী হওয়ার পর তার সমর্থকরা বিজয় মিছিল বের করে।
“এ সময় পরাজিত সদস্য প্রার্থী কামাল উদ্দিনের সমর্থকদের সাথে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এর জের ধরে বৃহস্পতিবার তেলিকান্দি গ্রামে উভয় পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।”
পুলিশ ঘটনাস্থল থেকে মোবাশ্বের আলীর লাশ উদ্ধার ও ২৭ জনকে আটক করেছে বলে তিনি জানান।
অপরদিকে স্থানীয়রা বলছে, সংঘর্ষে উভয় পক্ষের ৮-১০ জন আহত হয়ে স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে।
