শিক্ষক লাঞ্ছনা ন্যক্কারজনক ঘটনা: জাফর ইকবাল
নারায়ণগঞ্জে স্কুল শিক্ষককে কান ধরে উঠবস করানোকে ন্যক্কারজনক ঘটনা হিসেবে অ্যাখায়িত করেছেন লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
বৃহস্পতিবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তিনি বলেন, এ ঘটনার বিচার না হলে ভবিষ্যতে বাংলাদেশ একটি বর্বর ও রুচিহীন রাষ্ট্রে পরিণত হবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
নারায়ণগঞ্জের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষক সমিতি মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত শুক্রবার ওই শিক্ষককে একদল লোক মারধর করে। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় সাংসদ সেলিম ওসমান। দেশজুড়ে ওই ঘটনায় প্রতিবাদ হয় এবং দোষীদের বিচারের দাবি ওঠে।
জাফর ইকবাল বলেন, “সাধারণত কোনো মানুষ অপরাধী হলে তাকে আমার শাস্তি দিয়ে থাকি। এভাবে সকলের সামনে অপমান করি না।”
আমাদের ভবিষ্যতের বাংলাদেশ কোন দিকে যাবে সেটা এ ঘটনা নির্ধারণ করবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি সাংসদ সেলিম ওসমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ সামসুল আলম, সাধারণ সম্পাদক মুহিবুল আলম, অধ্যাপক ইয়াসমিন হক, অধ্যাপক হিমাদ্রী শেখর রায়, সহকারী প্রক্টর সামিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
