২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সিবিএ নেতা কারাগারে

রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলীকে পেটানোর মামলায় এক সিবিএ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 10:22 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

বুধবার বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত পাউবো সিবিএর সাধারণ সম্পাদক ফিরোজ শাহীনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

আদালত পরিদর্শক মনোজ কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “গত ২ ফেব্রুয়ারি এই সিবিএ নেতা ও রংপুর জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য ফিরোজ শাহীন পাউবোর ডালিয়া পানিবিজ্ঞান শাখার উপ-সহকারী প্রকৌশলী আবু সৈয়দ আমিনুর রশীদের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে এক মামলায় অভিযোগ করা হয়েছে।

“চাঁদা দিতে রাজি না হওয়ায় ১৪ ফেব্রুয়ারি বিকেলে ফিরোজ শাহীন ১০-১২ জন সিবিএ নেতাকে সঙ্গে নিয়ে আমিনুর রশীদের কক্ষে ঢুকে তাকে কিল-ঘুষি মারার পর ফিরোজ শাহীন তাকে গলা টিপে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ।”

এ ঘটনায় আমিনুর রশীদ ওই দিন রাতে ফিরোজ শাহীনকে প্রধান আসামি করে সিবিএর আরও ১২ নেতার নামে কোতোয়ালি থানায় মামলা করেন।

বুধবার ফিরোজ শাহীন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

আদালত পরিদর্শক বলেন, “বিচারক শফিউল আলম তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।”