সিলেটে দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও একজন আহত হয়েছেন।
বুধবার সকালে শ্রীরামপুর-বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান জানান।
নিহত আল আমিন (২৬) দক্ষিণ সুরমার প্রগতি সিএনজি ফিলিং স্টেশনে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়।
ওসি আতাউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আমিনসহ দুই জন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে তারা আহত হন।
“হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আল আমিনের মৃত্যু হয়।”
আহত ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
