মালিতে নিহত ছামিদুলের বাড়িতে শোকের মাতম
আফ্রিকার দেশ মালিতে নিহত জাতিসংঘের শান্তি মিশনে কর্মরত বাংলাদেশি পুলিশ কনস্টেবল ছামিদুল ইসলামের বাড়িতে চলছে শোকের মাতম।
রোববার বিকালে দায়িত্ব পালনের সময় ঝড়ের কবলে পড়ে ছামিদুল ইসলাম (৩২) আহত হন। মালির বামাকো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ছামেদুল শেরপুর সদর উপজেলার বেতমারী ঘুঘরাকান্দি ইউনিয়নের বেতমারী গ্রামের কৃষক জালাল উদ্দিনের ছেলে। তিন ভাইবোনের মধ্যে ছামিদুল ছিলেন সবার ছোট।
রোববার রাতে ছামিদুলের এক সহকর্মীর ফেইসবুকে তার মৃত্যুর সংবাদ জানতে পারেন বলে ছামিদুলের বাবা জানান।
এদিকে ছামিদুলের মৃত্যুর খবরে বেতমারী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তার স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।
তার স্ত্রী এবং সৌরভ ও শ্রাবন্তি নামে দুই সন্তান রয়েছে। জাতিসংঘ শান্তি মিশনে যাওয়ার আগে ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন তিনি।
ছামিদুলের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে তার পরিবার।
পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ সদর দপ্তর থেকে জাতিসংঘে যোগাযোগ করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব লাশ বাংলাদেশে এনে পারিবারের কাছে হস্তান্তর করা হবে।
