মালিতে ঝড়ে বাংলাদেশের দুই পুলিশ নিহত
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তি মিশনে দায়িত্বরত বাংলাদেশের দুই পুলিশ সদস্য ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন।
রোববার স্থানীয় সময় বিকালে ওই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহতরা হলেন- কনস্টবল মোতাহার হোসেন (২৮) ও মো. ছামিদুল ইসলাম (৩০)।
মোতাহারের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। ২০০৭ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। আর শেরপুরের ছেলে ছামিদুল পুলিশে যোগ দেন ২০০৫ সালে। চলতি মাসের শুরুতে জাতিসংঘ মিশনে মালির রাজধানী বামাকোতে যান তারা।
পুলিশ সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান জানান, রোববার বিকালে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশ পুলিশের সাত সদস্য আহত হন।
তাদের হাসপাতালে নেওয়ার পর রাতে কনস্টবল ছামিদুল ও মোতাহার মারা যান।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক হতাহতের এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
দুই পুলিশ সদস্যের মরদেহ শিগগিরই দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
