২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক-মিশুক নিহতের মামলা মানিকগঞ্জে ফেরতের দাবিতে পরিবহন ধর্মঘট

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহতের ঘটনায় করা মামলাটি উচ্চ আদালতে স্থানান্তরের প্রতিবাদে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে শ্রমিকরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 09:00 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

পুরনো খবর:

খুলনায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

শনিবার বিকালে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলিক কমিটির সভাপতি জুবায়ের জাকির দক্ষিণাঞ্চলের ১১টি জেলায়  ১৫ ও ১৬ মে এই ধর্মঘটের ডাক দেন।

২০১১ সালের আগস্টে মানিকগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের সিইও সাংবাদিক মিশুক মুনীর।

তাদের মৃত্যুতে সে সময় ব্যাপক প্রতিবাদ ওঠে।

ওই দুর্ঘটনার কথা উল্লেখ করে সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রমিক নেতা জুবায়ের বলেন, “এ ঘটনার পর মানিকগঞ্জ আদালতে দুর্ঘটনা কবলিত বাস চুয়াডাঙ্গা ডিলাক্সের মালিক ও চালকের বিরুদ্ধে একটি মামলা হয়।

“মামলার দীর্ঘদিন পর কোন আর্গুমেন্ট, শুনানি ছাড়াই নিম্ন আদালত থেকে মামলাটি হাইকোর্টে নিয়ে যাওয়া হয়।

“মামলাটি স্থানান্তর করতে বাদী পক্ষ বিশেষ ক্ষমতার অপব্যবহার করেছেন বলেও আমরা বিভিন্ন সূত্রে অবগত হয়েছি।”

এতে ‘প্রচলিত নিয়ম উপেক্ষা করে উচ্চ আদালতে স্থানান্তর করায় মামলাটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে’ বলে শ্রমকি নেতারা মনে করছেন উল্লেখ করে মামলাটি মানিকগঞ্জ আদালতে ফেরত আনার দাবি জানান তিনি।

শ্রমিক নেতা বলেন, সড়ক দুর্ঘটনা সংক্রান্ত সরকারের যে আইন রয়েছে সেই প্রচলিত আইনে মামলাটি নিষ্পতি করার জন্য শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি।

একই সাথে ১৫ ও ১৬ মে দক্ষিণাঞ্চলের ১১ জেলায় বাস-ট্রাকসহ সব যানবাহন চলাচল বন্ধ রাখারও ঘোষণা দেন।

এ সময় ফরিদপুর মটর ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মো. নাছির, আন্তঃ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মান্নান শেখ মানা, ফরিদপুর ট্রাক ড্রাইভার ইউনিয়নের সভাপতি আব্দুল গফুর মিয়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।