রাজশাহীতে বিদ্রোহী প্রার্থীকে কুপিয়ে জখম
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আওয়ামী লীগের এক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যায় কিশমত গণকৈড় ইউনিয়নে আলিফ আলীকে কুপিয়ে জখম করার পর উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে দুর্গাপুর থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান।
হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক মমতাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলিফ আলীর মাথার পিছনে, পিঠের মাঝখানে ও বাম হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উজাল খলসী বাজারে সোহরাবের চা-স্টলে বসে চা খাচ্ছিলেন আলিফ আলী।
এ সময় সাত-আট যুবক ‘ধর ধর দালাল ধর, আলিফকে জবাই কর, জয় বাংলা’ শ্লোগান দিয়ে হামলা চালায় এবং চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বলে তারা জানান।
ওসি পরিমল বলেন, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের প্রার্থী আফসার আলীর কয়েকজন কর্মীকে আলিফের সমর্থকরা পেটায় বলে অভিযোগ রয়েছে।
“এর জের ধরে আলিফের উপর হামলা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।”
সংঘাত সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।
আহত আলিফ আলী দুর্গাপুর কৃষক লীগের সভাপতি। পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ইউনিয়নে ২৮ মে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
