কুমিল্লায় যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা
কুমিল্লার মনোহরগঞ্জে স্থানীয় এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার উপজেলার সরশপুর ইউনিয়নের বাতাবাড়িয়ায় এ ঘটনা ঘটে বলে মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র ভট্ট জানান।
নিহত জাহাঙ্গীর আলম (৩০) বাতাবাড়িয়া গ্রামের আহসান উল্লাহর ছেলে।
স্থানীয় যুবদলকর্মীরা তাকে হত্যা করেছে বলে স্বজনদের অভিযোগ।
ওসি বিপুল চন্দ্র ভট্ট বলেন, এলাকার একটি পক্ষের সঙ্গে তার পূর্ব বিরোধ ছিল। সকাল সোয়া ৯টার দিকে বাতাবাড়িয়ায় রাস্তার উপর ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।
“স্থানীয়রা জাহাঙ্গীরকে লক্ষ্মণপুর শামছুল আলম প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার্ধীন অবস্থায় সকাল সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।”
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীরের বড়ভাই আলমগীর হোসেন হত্যা মামলা দায়ের করবেন বলে জানান ওসি।
আলমগীর হোসেন বলেন, সরশপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর তৎপরতা বেশি। গত সংসদ নির্বাচনেও জামায়াত-বিএনপি জোট এখানে তাণ্ডব চালিয়েছিল।
“ওই সময় জাহাঙ্গীর সবসময় জামায়াত-বিএনপিকে প্রতিরোধ করেছে। সেজন্যই তারা তাকে কুপিয়ে হত্যা করল।”
স্থানীয় যুবদলকর্মী মিশু, রাজীব, রিয়াদ, মানিকসহ কয়েকজন হামলা চারায় বলে তার অভিযোগ
পাঁচ মাস আগে বিএনপি-জামায়াত সমর্থকরা সরশপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহ আলমকে কুপিয়ে হত্যা করেছিল বলে অভিযোগ রয়েছে। ওই হত্যা মামলার ১ নম্বর আসামি হলেন উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারী। তিনি বর্তমানে জামিনে আছেন। ওই মামলায় আর কাউকে আটক করা যায়নি।
