২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ 

যশোরের বেনাপোলে কিশোর কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগে পাওয়া গেছে হোটেল মালিকের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 10:28 AM

Updated : 20 Aug 2022, 12:42 PM

নিহত মফিজুর রহমান মুন্না (১৪) বেনাপোলের বহিলাপোতা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও স্থানীয় ‘সোনার বাংলা’ হোটেলে কাজ করত।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, বুধবার রাতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

নিহতের চাচা গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হোটেল মালিক আবু তালেব গেল শনিবার মুন্নাকে ঘাড়ে-পিঠে ব্যাপক মারধর করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরে তাকে যশোর মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। বুধবার রাত ৮টার দিকে সেখানে তার মৃত্যু হয়।”

ওসি অপূর্ব বলেন, ওই ঘটনায় বুধবার মধ্যরাতে হোটেল মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন কিশোরের বাবা।

ঘটনার পর থেকে হোটেল মালিক আবু তালেব পলাতক। বৃহস্পতিবার সকালে আবু তালেবের স্ত্রী নুরুন্নাহার ও ছেলে মিলন হোসেনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।