প্রখর রোদে ঝরে যাচ্ছে লিচু
প্রচণ্ড গরমে লিচু ‘পুড়ে যাওয়ায়’ দুশ্চিন্তায় ফরিদপুরের চাষিরা।
সরেজমিনে জেলার মধুখালীর জাহাপুর ও বোয়ালমালীর কাদিরদি গিয়ে দেখা যায়, অনেক লিচুতে কালো দাগ পড়েছে। বাগানগুলোয় গুটি লিচু তাপে শুকিয়ে ঝরে পড়ছে।
চাষিদের কাছ থেকে আগাম লিচুক্ষেত কিনে রাখা ব্যবসায়ীরা এবার মূলধন তুলতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তা পোহাচ্ছেন।
বোয়ালমারীর কাদিরদীর চাষি হাদী নান্নু, আনোয়ার হোসেন, বেলাল ফকির জানান, অন্য ফসলের চেয়ে লিচুতে লাভ বেশি হওয়ায় তারা বেশি করে লিচু চাষ করেছেন।
বেশ কয়েক বছর ধরে লাভের মুখ দেখলেও এবারে পুঁজি তোলা নিয়ে চিন্তায় পড়েছেন তারা।
মধুখালীর জাহাপুরে লিচু চাষি হারিছ মোল্লা জানান, বাগানে কীটনাশক-সার-ওষুধ দিয়েও লিচুর ভাল ফলন ধরে রাখতে পারছেন না।
“এই মৌসুমে বড় ধরনের লোকসান হবে।”
১০/১২ বছর ধরে মধুখালীর উপজেলার জাহাপুর ইউনিয়নে দুই শতাধিক লিচু বাগান গড়ে উঠেছে বলে জানালেন এর নবনির্বাচিত চেয়ারম্যান ইসহাক হোসেন।
“চলতি মৌসুমে প্রচণ্ড তাপদাহ থাকার কারণে বাগানগুলোর ফলন আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে।”
বিষয়টি তিনি উপজেলা কৃষি বিভাগকেও জানিয়েছেন।
“তাপদাহের কারণে বিভিন্ন ধরনের রোগ-বালাই হয়, এজন্য চাষিদের যতœবান হতে হবে, বাগানে সকাল-বিকাল পানি দিতে হবে।”
লিচু চাষিরা এ নিয়ে ব্লক সুপারভাইজার কাছে পরামর্শও পাবেন বলে জানান।
