২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাশ করল ‘চাচার’ হাতে খুন হওয়া ফাইয়াজ

এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেও দেখে যেতে পারল না মৌলভীবাজারের ফাইয়াজ আহমদ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 04:40 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

শ্রীমঙ্গল দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় ফাইয়াজ (১৫)। বুধবার সারা দেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

ফল প্রকাশের একদিন আগে ছুরিকাঘোতে প্রাণ হারায় ফাইয়াজ। সে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের সুরভীপাড়ায় স্থানীয় ব্যবসায়ী শামীম মিয়ার ছেলে।

তার মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে শ্রীমঙ্গল থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান।

 বুধবার দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায় ফাইয়াজের মৃত্যুর খবরে এসএসসি পাশের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। 

স্কুলের শিক্ষক কুমুদরঞ্জন দেব বলেন, “ফাইয়াজ ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ২৮ অর্জন করেছে সে।”

স্কুলের আরেক মিক্ষক প্রণজিৎ কান্তি ঘোষ বলেন, “শেষ সময়ে এসে পরীক্ষার রেজাল্ট নিতে পারল না ফাইয়াজ। একজন শিক্ষকের কাছে এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না।”

এ বছর একই বিভাগ থেকে এএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ফাইয়াজের সহপাঠী  অভিষেক দে। 

ফাইয়াজের মৃত্যু তার সব আনন্দ ম্লান করেছে জানিয়ে অভিষেক বলেন, “আমিও পাশ করেছি-ফাইয়াজও পাশ করেছে, আজকে ওকে নিয়ে হইহুলোর করার কথা ছিল। কিন্তু ও নেই। আমাদের আনন্দও নেই।”

শ্রীমঙ্গল থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে ঠাণ্ডা ভাত দেওয়ায় চাচির সঙ্গে রাগারাগি করে ফাইয়াজ। এরপর চাচির সঙ্গে ফাইয়াজ ও তার মার কথা কাটাকাটি হয়।

“এ সময় ফাইয়াজের মাকে তার চাচা জাকারিয়া (৪০) গালাগাল দিলে ফাইয়াজের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে জাকারিয়া ছুরি দিয়ে ফাইয়াজ ও তার মাকে কুপিয়ে জখম করেন।

“শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফাইয়াজকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় চাচা জাকারিয়াকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

পুরনো খবর:

জিপিএ-৫ পেল বোমায় চোখ হারানো অনিক-হৃদয়
দিনমজুরি করে এ প্লাস