২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুলিশ-শিবির সংঘর্ষ

ফাঁসি কার্যকর হওয়া যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজা শেষে রাজশাহী নগরীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থকরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 03:13 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

বুধবার দুপুরে গেটার রোডের কাদিরগঞ্জে এ সংঘর্ষ হয় বলে নগর পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান।

ওই সময় পুলিশ ১২ জনকে আটক করেছে।

তিনি বলেন, জোহরের নামাজের পর নগরীর হেতেম খাঁ গোরস্থানের সামনে মাঠে নিজামীর জন্য গায়েবানা জানাজা পড়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কর্মী-সমর্থকরা।

“সেখান থেকে চলে যাওয়ার সময় তারা হেতেমখাঁ এলাকায় রাস্তার উপর জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিলে পুলিশ তাদের ধাওয়া করে।

“ধাওয়া খেয়ে পালানোর সময় কাদিরগঞ্জ গেটার রোডে গিয়ে জামায়াত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।”

এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল ও শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান ইফতে খায়ের আলম।

“এরপর তারা উপশহর এলাকায় গিয়ে আবার জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।”

এসি ইফতে খায়ের জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায়। যাচাইবাছাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে আল-বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মঙ্গলবার রাতে।

বুধবার সারাদেশে জামায়াতে ইসলামী গায়েবানা জানাজা কর্মসূচি এবং বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে।

নিজামীর জন্য গায়েবানা জানাজাকে ঘিরে চট্টগ্রাম নগরেও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে শিবির।