পাবনায় নিজামীর দাফন ঠেকাতে সড়ক অবরোধ
পাবনায় যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর লাশ দাফন ঠেকাতে সাঁথিয়ার ধোপাদহ ইউনিয়নের মনমথপুর গ্রামের প্রবেশ পথে প্রায় দুই ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে স্থানীয় ছাত্রলীগ।
মঙ্গলবার রাত ১টার দিকে এই অবরোধ শুরু করে ৫০-৬০ জন ছাত্রলীগ নেতা-কর্মী যুদ্ধাপরাধ বিরোধী স্লোগান দিতে থাকে।
অবরোধে অংশ নেওয়া পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুখ্যাত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর লাশ এখানে (পাবনা) দাফন করা হলে মাটি অপবিত্র হবে।”
ঢাকা কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর ফটকে একাত্তরে বুদ্ধিজীবী হত্যার এই হোতার ছবিতে জুতাপেটা করেন অনেকেই। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা কেন্দ্রীয় কারাগারে মধ্যরাতে ফাঁসি কার্যকরের পর আনুষ্ঠানিকতা শেষে রাত দেড়টার দিকে নিজামীর লাশবাহী অ্যাম্বুলেন্স নিজামীর গ্রামের বাড়ি সাঁথিয়ার মনমথপুরের উদ্দেশে রওনা হয়।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই এই বদর প্রধানের দাফনের জন্য মনমথপুর কবরস্থানে দাফনের জন্য প্রস্তুতি শুরু হয়। মনমথপুর গ্রামের মাদ্রাসা মাঠে জানাজা শেষে এই যুদ্ধাপরাধীকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।
মতিউর রহমান নিজামীর চাচাত ভাই আব্দুল্লাহ আল মামুন জানান, রাত সাড়ে ১০টার দিকে পুলিশের পাহারায় মনমথপুর কবরস্থানে নিজামীর দাফনের স্থান নির্ধারণ করা হয়।
“সব প্রস্তুতি রয়েছে আমাদের।”
এদিকে একাত্তরের এই যুদ্ধাপরাধীকে পাবনায় দাফন করতে না দেওয়ার দাবিতে মনমথপুর গ্রামের প্রবেশপথে স্থানীয়দের অবরোধ তুলে নিতে অনুরোধ করে সাঁথিয়া থানা পুলিশ।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর ফটকে একাত্তরে বুদ্ধিজীবী হত্যার এই হোতার ছবিতে জুতাপেটা করেন অনেকেই। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা, নির্দেশনা ও নেতৃত্ব দেওয়ার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে একাত্তরের আলবদর নেতা নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে এই বছরের ৬ জানুয়ারি আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখা হয়। তা পুনর্বিবেচনায় নিজামীর আবেদন গত ৫ মে খারিজ হয়ে যায়।
সোমবার রিভিউয়ের রায় প্রকাশের পর মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়। নিজামী রাষ্ট্রপতির কাছে ক্ষমা না চাওয়ায় মঙ্গলবার মধ্যরাতে তার ফাঁসি কার্যকর করা হয়।
