২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধী নিজামীর দাফনে মনমথপুরে প্রস্তুতি

যুদ্ধাপরাধী বদর প্রধান ও জামায়াতের ইসলামের আমির মতিউর রহমান নিজামীর দাফনের প্রস্তুতি চলছে তার নিজ গ্রামে।

পাবনা প্রতিনিধি

সাথিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 10:55 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

সন্ধ্যার পর থেকেই পারিবারিক কবরস্থান পরিস্কার পরিচ্ছন্ন করা চলছে।

নিজ গ্রাম পাবনার সাথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের মনমথপুরে গ্রামের মনমথপুর মাদরাসা মাঠে জানাজা শেষে নিজামীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন।

ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। রাত ৯টার পর থেকেই সাথিয়া বাজার, মনমথপুরসহ বিভিন্ন এলাকায় নেমে এসেছে সুনসান নীরবতা। বন্ধ হয়ে গেছে সব ধরনের দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান।

এদিকে এলাকায় পুলিশী টহল নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সাথিয়া থানার ওসি নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মতিউর রহমান নিজামীর নিজ গ্রাম মনমথপুর মাদরাসা মাঠে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানেই তাকে দাফন করা হবে।

‘কবরস্থানে পরিস্কার পরিচ্ছন্নতা কাজ চলছে’ উল্লেখ করে  মঙ্গলবার রাত ১০টা আগে ওসি জানান, তখনও কবর খোড়া শুরু হয়নি।

এদিকে মতিউর রহমান নিজামীর চাচাত ভাই আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে পুলিশের পাহারায় মনমথপুর কবরস্থানে নিজামীর দাফনের স্থান নির্ধারণ করা হয়েছে।

“সব প্রস্তুতি রয়েছে আমাদের।”

তবে তিনি আর বিস্তারিত কিছুই বলতে রাজি হননি।

বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা, নির্দেশনা ও নেতৃত্ব দেওয়ার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে একাত্তরের আলবদর নেতা নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে এই বছরের ৬ জানুয়ারি আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখা হয়। তা পুনর্বিবেচনায় নিজামীর আবেদন গত ৫ মে খারিজ হয়ে যায়।

ওই রায় সোমবার প্রকাশের পর মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়। নিজামী রাষ্ট্রপতির কাছে ক্ষমা না চাওয়ায় মঙ্গলবার তার ফাঁসি কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে।