জামালপুরে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির ও আলবদর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ার পর পর জামালপুর শহরে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার রাত ১২টা ৭ মিনিটে গণজাগরণ মঞ্চের জামালপুরের সংগঠক সৈয়দ তানভীর আহমেদের নেতৃত্বে
মিছিলটি দয়াময়ী চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে রেলগেটে গিয়ে শেষ হয়।
পরে পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করাকে কেন্দ্র করে শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বৃদ্ধি করা
হয়েছে।
বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা, নির্দেশনা ও নেতৃত্ব দেওয়ার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে একাত্তরের আলবদর নেতা নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে এ বছর ৬ জানুয়ারি আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখা হয়। তা পুনর্বিবেচনায় নিজামীর আবেদন গত ৫ মে খারিজ হয়ে যায়।
বিচার শুরুর চার বছর পর ওই রায় সোমবার প্রকাশের প্রেক্ষাপটে শুরু হয় মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া।
