নিজামীর ফাঁসি: সাঁথিয়ায় কঠোর নিরাপত্তা
যুদ্ধাপরাধ মামলার আসামি জামায়াতের আমির ও আলবদর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর উপলক্ষে জন্মস্থান পাবনার সাঁথিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া মামলার সাক্ষীদের বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেছে পুলিশ।
সাথিয়া থানার ওসি নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার জনগণের জানমালের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
“এ ঘটনাকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতাকারীদেরও ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকার বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে সব ধরনের যানবাহন তল্লাশি করা হচ্ছে।”
ইতোমধ্যেই মামলার আট সাক্ষী তোফাজ্জল হোসেন, জহুরুল ইসলাম মাস্টার, আবু সামা, নাজিম উদ্দিন, খলিলুর রহমান, আইনুল হক, শামসুল হক ও জামাল উদ্দিনকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে বলে ওসি জানান।
অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, স্থানীয় লোকজনকে কাউন্সেলিংয়ের মাধ্যমে সচেতন করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা এড়াতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ।
বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা, নির্দেশনা ও নেতৃত্ব দেওয়ার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে একাত্তরের আলবদর নেতা নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে এই বছরের ৬ জানুয়ারি আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখা হয়। তা পুনর্বিবেচনায় নিজামীর আবেদন গত ৫ মে খারিজ হয়ে যায়।
বিচার শুরুর চার বছর পর ওই রায় সোমবার প্রকাশের প্রেক্ষাপটে শুরু হয় মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া।
