প্রধান বিচারপতি ও আইজি প্রিজনের গ্রামে নিরাপত্তা জোরদার
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসিকে সামনে রেখে প্রধান বিচারপতি ও কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ দুজনের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়।
দুই যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রিভিউ আবেদন খারিজের পরও তাদের গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
এর আগে ২০১৩ সালের ১১ ডিসেম্বর যুদ্ধাপরাধী জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় দেওয়া আপিল বেঞ্চের সদস্য বিচারপতি এস কে সিনহার এই বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
মঙ্গলবার কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান জানান, তিলকপুর গ্রামে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়িতে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া বাড়িটিতে কয়েকটি সিসি ক্যামেরাও বসানো হয়েছে।
আগে আটজন পুলিশ সদস্য থাকলেও মঙ্গলবার সেখানে ১৫ জন পুলিশ দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।
ওসি জানান, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনের বাড়ি শমসেরনগরের সিংরাউলি গ্রামেও নেওয়া হয়েছে ব্যবস্থা।
“সেখানে ইফতেখারের বাড়িতে পুলিশ পাহারা ছাড়াও সেখানে পুলিশের মোবাইল টিম রাখা হয়েছে।”
বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা, নির্দেশনা ও নেতৃত্ব দেওয়ার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে একাত্তরের আলবদর নেতা নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে এই বছরের ৬ জানুয়ারি আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখা হয়। তা পুনর্বিবেচনায় নিজামীর আবেদন গত ৫ মে খারিজ হয়ে যায়।
ওই রায় সোমবার প্রকাশের পর মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়। নিজামী রাষ্ট্রপতির কাছে ক্ষমা না চাওয়ায় মঙ্গলবার তার ফাঁসি কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে।
