২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ মোটরসাইকেল নিলামে বিক্রি, দুই মামলা

দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতের সিল-স্বাক্ষর জাল করে বীরগঞ্জ থানা থেকে ২৩টি মোটরসাইকেল নিলামে বিক্রির ঘটনায় দুটি মামলা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 11:55 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

সোমবার একটি মামলা করেছেন ওই আদালতের নাজির মো. মামুন হাসান। তিনি কোতোয়ালি থানার মামলা করেছেন বলে জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলায় একমাত্র আসামি করা হয়েছে এসআই জাহাঙ্গীর হোসেনকে, যিনি বর্তমানে গোদাগাড়ী থানায় কর্মরত।

“এসআই জাহাঙ্গীর দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতের সিল-স্বাক্ষর জাল করে বীরগঞ্জ থানা থেকে ২৩টি মোটরসাইকেল নিলামে বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে।”

একই দিনে মোটরসাইকেল ক্রেতা বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামের আব্দুল গাফ্ফার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতের আরেকটি মামলা করেছেন বলে তার আইনজীবী হামিদুর রহমান জানান।

আইনজীবী বলেন, এ মামলায় আসামি করা হয়েছে এসআই জাহাঙ্গীর হোসেন ও পুলিশের কথিত সোর্স আবু সাঈদকে।

“বাদী অভিযোগ করেছেন, মোটরসাইকেল কেনার আগে থানার বর্তমান ওসি জাহাঙ্গীর হোসেনের সাথে যোগাযোগ করে নিশ্চিত হন, নিলামের কাগজপত্রাদি সঠিক। এরপর তারা এসব মোটরসাইকেল কেনেন।”

পরে ওই কাগজপত্র ভুয়া বলে প্রাথমিকভাবে জানা গেছে বলে আইনজীবী জানান।

দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতের সিল-স্বাক্ষর জাল করে বীরগঞ্জ থানা থেকে ২৩টি মোটরসাইকেল নিলামে বিক্রি করার অভিযোগ ওঠে এসআই জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে।

ওই মোটরসাইকেলগুলো চুরি করা বলে অভিযোগ রয়েছে। থানায় জব্দকৃত মোটরসাইকেলের তালিকায় ওই ২৩ মোটরসাইকেলের খতিয়ান নেই।

পুরনো খবর:

‘স্বাক্ষর জাল করে’ মোটরসাইকেল বিক্রি: পুলিশকে ব্যাখ্যার আদেশ
আদালতের ‘স্বাক্ষর জাল করে’ মোটরসাইকেল বিক্রি