২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে আর মতিয়ার ‘শাসন’ চলবে না: হুইপ আতিক

কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর বিরুদ্ধে জেলায় দলীয় কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগ তুলে তাকে ঠেকানোর ঘোষণা দিয়েছেন শেরপুর আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 10:30 PM

Updated : 12 Apr 2022, 02:01 AM

বিধি লঙ্ঘনের অভিযোগ মাথা নিয়ে ইউপি ভোটের সময় ইসির নির্দেশে এলাকা ছেড়ে যাওয়ার পর ফিরে সোমবার এক জেলা শহরে এক সভায় বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি।

কৃষিমন্ত্রীর সমালোচনা করে সংসদ সদস্য আতিক বলেন, “মতিয়া চৌধুরী শান্ত শেরপুরকে অশান্ত করার অপরাজনীতি চালিয়ে যাচ্ছেন। তিনি ইশারায় প্রশাসনকে ব্যবহার করে নৌকার প্রার্থীদের পরাভূত করে আমার অবস্থানকে খাটো করার ষড়যন্ত্র করেছেন।”

তার বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগও ষড়যন্ত্র বলে দাবি করেন আওয়ামী লীগের এই জেলা সভাপতি।

“সরকারি প্রোগ্রাম দিয়ে এলাকার একটি হাইস্কুলের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনে গিয়েছিলাম। যেখানে একটি চা পানের সময় পর্যন্ত ব্যয় করা হয়নি, সেই এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের নামে অপপ্রচার ও ধূম্রজাল সৃষ্টির মাধ্যমে নৌকার বিজয় ঠেকানো এবং আমাকে খাটো করার ষড়যন্ত্র হয়েছিল।”

এর পেছনেও মন্ত্রী ছিলেন দাবি করে আতিক বলেন, “শেরপুর সদরের ১৪টি ইউনিয়নের মধ্যে তৃতীয় দফায় অনুষ্ঠিত নির্বাচনে নৌকার ৪ জন প্রার্থীকে পরাভূত করা সম্ভব হলেও চতুর্থ দফায় তা ভেস্তে গেছে। প্রশাসন নিরপেক্ষ অবস্থানে ফেরায় চতুর্থ দফায় অনুষ্ঠিত ৭ ইউপির মধ্যে ৬টিতেই বিজয় সম্ভব হয়েছে।”

একই জেলার সংসদ সদস্য মতিয়াকে হুঁশিয়ার করে আতিক বলেন, “শেরপুরে যদি কারও শাসন চলে, তবে সেটা শেখ হাসিনার নেতৃত্বেই চলবে।

“মতিয়া চৌধুরীর চামচা বনে গিয়ে যারা নৌকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, দলের ত্যাগী-নিরীহ নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করছে, তারা আওয়ামী লীগের সদস্য থাকার অধিকার হারিয়েছে।”

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ইউপি নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আতিক।

শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাজিতখিলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আমির আলী সরকারের সভাপতিত্বে এই সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, শহর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, ভাতশালা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত বক্তব্য রাখেন।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মতিয়ার বিরুদ্ধে গত পৌর নির্বাচনের পরেও একই ধরনের অভিযোগ এনেছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য আতিক।

মতিয়া সমর্থকরা বলছেন, হুইপ আতিক মন্ত্রী মতিয়ার বিরুদ্ধে বিষোদগার করে আওয়ামী লীগের এবং সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা চালাচ্ছেন।