নড়াইলে কালবৈশাখীতে ভাই-বোনসহ নিহত ৩
নড়াইলে কালবৈশাখী ঝড়ে ভাই-বোনসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।
শনিবার রাতে সদর উপজেলা ও কালিয়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছিমা খাতুন।
নিহতরা হলেন সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের নাবেদ উদ্দিনের মেয়ে পিয়ারী খানম (১৪) ও ছেলে আলহাজ (৬) এবং কালিয়া উপজেলার কলিমন গ্রামের বিকাশ বিশ্বাস (৪০)।
আহতদের মধ্যে সালাউদ্দিন তৌহিদুল ফকির, প্রকাশ বিশ্বাস, আছিয়া নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে নাছিমা খাতুন বলেন, ঝড়ে ভদ্রবিলা, চাচুড়ি, আউড়িয়া ইউনিয়নের ৫০টি গ্রামের তিন শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ঘর চাপায় সদর উপজেলায় দুই ভাই-বোন ও কালিয়ায় একজনের মৃত্যু হয়েছে।
ঝড়ে অসংখ্য গাছ-পালা, ফসলী জমির ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ঝড়ের পর রোববার নড়াইলের জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
