নরসিংদীতে ভোটকেন্দ্রে সংঘর্ষ
দেশজুড়ে চতুর্থ দফার ইউপি ভোটে নরসিংদীর রায়পুরায় একটি কেন্দ্রে আওয়ামী লীগ এবং দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের রংপুর কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি আজহারুল জানান।
সংঘর্ষের সময় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যা এবং আরও দুজন আহত হওয়ার খবর স্থানীয়রা দিলেও পুলিশ তা নিশ্চিত করেনি।
ওসি আজহারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন,“হতাহতের কোনো খবর আমাদের কাছে নেই।”
তিনি বলেন, সকাল ৯টার দিকে কেন্দ্র দখলের জেরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. রিয়াজ মোর্শেদ খান রাসেল এবং স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান জামান আযাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
স্থানীয়দের ভাষ্য, সংঘর্ষের সময় সুমন নামে আযাদের এক সমর্থককে রিয়াজের সমর্থকরা পিটিয়ে আহত করে। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়।
এদিকে জেলা হাসপাতালের এক চিকিৎসক সংঘর্ষে আরও দুইজনের আহতের খবর নিশ্চিত করেছেন।
হাসপাতালের এম আর ও মিজানুর রহমান জানান, সোহাগ ও এমদাদ নামের দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
