২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর অধিকার দাবিতে তরুণীর অনশন-অবস্থান

ঝিনাইদহ সদর উপজেলায় এক তরুণী বিয়ে মেনে নেওয়ার দাবিতে তিন দিন ধরে ‘স্বামীর’ বাড়িতে অনশনসহ অবস্থান করছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2016, 10:40 PM

Updated : 20 Aug 2022, 12:38 PM

কুঠিদুর্গাপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইমরান হোসেনের বাড়িতে ওই তরুণী অবস্থান করছেন বলে কুমড়োবাড়িয়া ইউনিয়ন পরিষদ সদস্য কলিম উদ্দিন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝিনাইদহ সরকারি কেসি কলেজের সম্মান শ্রেণির এই ছাত্রী ও কুঠিদুর্গাপুর গ্রামের ইমরান হোসেন নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ঝিনাইদহ শহরে একটি ভাড়া বাসায় তিন বছর ধরে বসবাস করছিলেন।

“ইমরান বাংলায় মাস্টার্স পাশ করে একটি কোম্পানিতে চাকরি করছেন। সম্প্রতি তিনি বিয়ে অস্বীকার করার পর ওই তরুণী স্ত্রীর অধিকার চেয়ে অনশনসহ অবস্থান করছেন।”

ঘটনার পর ইমরান গা ঢাকা দিয়েছেন বলে ইউপি সদস্য জানান।

“এলাকার শত শত লোক ইমরানের বাবা আব্দুল মান্নানকে বিয়ে মেনে নেওয়ার জন্য চাপ দিলে তিনিও গা ঢাকা দেন।”

বেতাই পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তরুণীর বাবা-মা তাকে বাড়ি ফিরিয়ে নিতে চাইলেও তিনি রাজি হননি। এ বিষয়ে তরুণী এখনও কোনো আইনি পদক্ষেপ নেননি বলে এসআই জানান।