২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালকে ‘বাল্য বিবাহ মুক্ত’ জেলা ঘোষণা

বরিশালকে ‘বাল্য বিবাহ মুক্ত’ জেলা ঘোষণা করেছেন জেলা প্রশাসক।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2016, 11:31 PM

Updated : 11 Oct 2022, 08:11 PM

মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজ মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান এ ঘোষণা দেন।

এর আগে নগরীতে এক শোভাযাত্রার আয়োজন করে জেলা প্রশাসন ও সম্মিলিত নাগরিক সমাজ।

বেলা সাড়ে ১০টায় বরিশাল সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা প্রশাসক তার ঘোষণায় বলেন, “আজ থেকে বরিশালকে বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষণা করা হল।”

এরপর হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস।

এছাড়া বিভাগীয় কমিশনার মো. হাউস, পুলিশ কমিশনার লুৎফর রহমান মণ্ডলসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, আইন ব্যবহার বা হুমকি দিয়ে বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব নয়। শুধু সামাজিকভাবে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করা হলেই বাল্য বিবাহ থেকে মুক্ত হওয়া সম্ভব।

আলোচনা সভা শেষে উপস্থিত সবাইকে বাল্য বিবাহ থেকে মুক্ত থাকার লক্ষ্যে শপথবাক্য পাঠ করানো হয়।