গাছ থেকে পড়ে আহত রাবি শিক্ষার্থীর মুত্যু
গাছ থেকে পড়ে আহত হওয়ার দশ দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জার্জিস হোসেন মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) তার মৃত্যু হয় বলে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সভাপতি মো. ছাদেকুল আরেফিন জানান।
সমাজকর্ম বিভাগের ছাত্র জার্জিস বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক (৪৮২) শিক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার যুগস্বি গ্রামের আবদুস সামাদের ছেলে।
অধ্যাপক ছাদেকুল আরেফিন বলেন, “দশ দিন চিকিৎসাধীয় থাকার পর জার্জিসের মৃত্য হয়। লাশ নিতে আমি হাসপাতালে যাই।”
বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মজসিদ প্রাঙ্গণে জানাজা নামাজের পর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদ্দাম হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে শহীদ হবিবুর রহমান হলের সামনের ডাব পাড়ার জন্য গাছে ওঠেন জার্জিস। এ সময় গাছ থেকে পড়ে গেলে তার দুই পা ভেঙে যায় এবং মাথায় বড় ক্ষতের সৃষ্টি হয়।
“প্রথমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও করা হয়। কিন্তু আইসিইউতে সিট ফাঁকা না থাকায় তাকে নগরীর আমেনা হাসপাতালে পাঠানো হয়।”
তিনি আরো জানান, কয়েকদিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে সিট ফাঁকা হলে তাকে সেখানে নিয়ে আসা হয়।
