রাবি শিক্ষার্থী নারকেল গাছ থেকে পড়ে আইসিইউতে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নারকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ায় হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জার্জিজ হোসেন নামের ওই শিক্ষার্থীকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এবং পরে সেখান থেকে শহরের বনপাড়ায় আমেনা হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়।
আহত জার্জিজ সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ছাত্র। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুরা মিলে শহীদ হবিবুর রহমান হলের সামনের নারকেল গাছ থেকে ডাব পাড়তে তিনি গাছে ওঠেন। এ সময় পড়ে গেলে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদ্দাম হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জার্জিজকে প্রথমে রামেকের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু আইসিইউতে সিট ফাঁকা না থাকায় তাকে আমেনা হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে সমাজকর্ম বিভাগের সভাপতি ছাদেকুল আরেফিন মাতিন বলেন, ইতিমধ্যেই সিটি স্ক্যান করা হয়েছে। এখন ব্ল্যাড দেওয়া হচ্ছে। তার মাথার চেয়ে পায়ের অবস্থা গুরুতর বলে চিকিৎক জানিয়েছেন।
