ফরিদপুরে ভাই-বোনের মৃত্যু: মা গ্রেপ্তার
ফরিদপুরের মধুখালী উপজেলার চরবাগাট গ্রামের দুই শিশুর মৃত্যুর মামলায় তাদের মাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার রাতে জাহেদা বিন আব্দুল্লাহ তৌকি (৪) ও ছয় মাস বয়সী মেয়ে তোহুরা তারিনের মা তাসলিমা বেগমকে (২৮) গ্রেপ্তার করা হয় বলে মধুখালী থানার ওসি রুহুল আমিন জানান।
গত সোমবার বাড়ি থেকে তৌকি ও তারিনের লাশ উদ্ধার করা হয়। তারা চরবাগাট গ্রামের আব্দুল্লাহ-আল-মামুন ও তাসলিমার সন্তান।
ওই ঘটনায় নিহতদের দাদা ইউসুফ আলী বাদী হয়ে তাসলিমা বেগমকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
ওসি বলেন, তাসলিমা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন রাতে শিশু দুইটি ঘুমিয়ে পড়লে তাদের শ্বাস রোধ করে হত্যা করা হয়।
তবে কেন হত্যা করা হয়েছে এই প্রশ্নের জবাবে তাসলিমা ভিন্ন ভিন্ন কথা বলছেন বলে জানান ওসি রুহুল আমিন।
ওসি বলেন, তাসলিমাকে হত্যা মামলার গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের (রিমান্ড) আবেদন করা হবে।
নিহত দুই শিশুর দাদা ও হত্যা মামলার বাদী ইউসুফ মোল্লা বলেন, দুই শিশুর বাবা মামুন তার মার চিকিৎসার জন্য ভারতে ছিল। এই সুযোগেই শিশু দুইটিকে হত্যা করা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের অধ্যাপক এস এম খবিরুল ইসলাম জানান, “সোমবরই শিশু দুইটির আলামত সংগ্রহ করে ঢাকার মহাখালীতে ভিসারা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলতে পারছি না।”
