ফরিদপুরে ভাই-বোনের ‘রহস্যজনক’ মৃত্যু
ফরিদপুরের মধুখালীতে নিজ বাড়ি থেকে দুই সহোদর শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের দাবি, ‘সাপের কামড়ে’ তাদের মৃত্যু হয়েছে। তবে তাদের গলায় আঘাতের চিহ্ন মিলেছে বলছে পুলিশ।
এরা হলো- উপজেলার বাগাট ইউানয়নের চর বাগাট গ্রামের আবদুল্লা আল মামুনের ছেলে জাহেদ বিন আবদুল্লা তৌকি (সাড়ে ৪ বছর) ও মেয়ে তহুরা তারিন (ছয় মাস)।
সোমবার সকালে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে মধুখালী থানার এসআই গিয়াস হোসেন জানান।
নিহতদের মা তাসলিমা বেগমের বরাত দিয়ে এসআই গিয়াস বলেন, রোববার রাতে তাসলিমা বেগমের (২৮) সঙ্গে একই বিছানায় ঘুমাচ্ছিল তৌকি ও তহুরা। রাতের কোনো একসময় সাপের কামড়ে তাদের মৃত্যু হয়।
সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে তৌকি ও তহুরার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।
“ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।”
গিয়াস আরও বলেন, তৌকির গলা ও মাথা এবং তহুরার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেগুলো সাপের কাপড়ের বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না।
