মন্ত্রণালয়ের তদন্ত দল সুন্দরবনে
পূর্ব সুন্দরবনে আগুনের ঘটনায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বুধবার বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) মো. মোজাহেদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত দল কাজ শুরু করে।
যুগ্ম সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক মাসের মধ্যে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় চার দফা আগুন লাগার ঘটনায় বন মন্ত্রণালয় উদ্বিগ্ন।
“বনভূমির যেসব এলাকায় আগুন লেগেছে আমরা সেসব ঘুরে দেখলাম। এই এলাকায় আগুনের ধরন দেখে মনে হচ্ছে দুর্বৃত্তরা ঘুরে ঘুরে আগুন দিয়েছে, যা কয়েক কিলোমিটার এলাকায় ছড়ানো-ছিটানো।”
কমিটির সদস্যরা ওই এলাকার সব পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে নাশকতা ঠেকানোর ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করবেন বলে যুগ্ম সচিব জানান।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের তুলাতলা এলাকায় গত ২৭ এপ্রিল চতুর্থ দফা আগুন লাগার পর বন ও পরিবেশ মন্ত্রণালয় এই তদন্ত দল গঠন করে।
তদন্ত দলের অন্য সদস্যরা হলেন সদস্যসচিব বনবিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. জহির উদ্দিন আহমেদ, সদস্য বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মামুনুর রশিদ, এসপি সার্কেল এনামুল হক মিঠু, বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মানিকুজ্জামান ও চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক বেলায়েত হোসেন।
এ সময় তদন্ত দলের সঙ্গে কোস্টগার্ডের প্রতিনিধিরাও ছিলেন।
আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত দলের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
