রাজশাহীর আ. লীগ নেতা হত্যা: আসামি নয়ন রিমান্ডে
রাজশাহীতে গুলিতে আওয়ামী লীগ নেতা জিয়াউল হক টুকু হত্যা মামলার প্রধান আসামি সাহেদুর রহমান নয়ন আদালতে হাজির হওয়ার পর রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে রাজশাহী মহানগর হাকিম মোকসেদা আজগরের আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন।
একই সময়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করে।
শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেয়।
এ নিয়ে এ মামলায় তিনজন গ্রেপ্তার হলেন।
আদালত পুলিশের পরিদর্শক আবু হাসেম বলেন, ঢাকার মতিঝিলের আরামবাগ এলাকার নয়ন আওয়ামী লীগ নেতা টুকু হত্যা মামলার প্রধান আসামি।
“আত্মসমর্পণের পর নয়ন আদালতকে বলেন, অসাবধনতাবশতঃ টুকু নিজের গুলিতে নিহত হন।
“কিন্তু এটি একটি হত্যা মামলা এবং পিছন থেকে গুলি লেগে সামনে দিয়ে বের হয়ে গেছে বলে ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে। তাই তাকে জামিন না দেওয়ার আবেদন জানায় পুলিশ।”
পুলিশ পরিদর্শক আরও জানান, পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেলিম বাদশা জিজ্ঞাসাবাদের জন্য নয়নকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
এসআই সেলিম বাদশা বলেন, জিয়াউল হক টুকু গুলিবিদ্ধ হওয়ার সময় ওই চেম্বারে নয়নসহ চারজন ছিলেন। এদের মধ্যে ভিতরের চেম্বারে ছিলেন টুকু ও নয়ন। বাইরে ছিলেন রবিউল ও জসিম, যাদের ঘটনার দিন আটক করা হয়।
পরে ওই দুই জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় বলে জানান এসআই সেলিম।
“তবে কেউ টুকুকে গুলি করেছে না কি অসাবধনতাবতঃ গুলি বের হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।”
গত ২৪ এপ্রিল বিকালে জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক জিয়াউল হক টুকু রাজশাহী নগর ভবনের সামনে নিজের ব্যবসায়িক কার্যালয়ে গুলিবিদ্ধ হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় পরদিন টুকুর স্ত্রী শামসুন নাহার লতা চারজনের নাম উল্লেখসহ পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
