আ. লীগ নেতা নিহত, গ্রেপ্তার ২ জন কারাগারে
রাজশাহী জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক জিয়াউল হক টুকু নিহতের ঘটনায় গ্রেপ্তার দুইজনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করে মঙ্গলবার রবিউল ইসলাম ও জসিম উদ্দিন নামের ওই দুইজনকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই সেলিম বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাতদিন জিজ্ঞাসাবাদের আবেদন করে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতে পাঠানো হয়। পরে আদালত থেকে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার রিমান্ড আবেদনের শুনানি হতে পারে বলে জানান তিনি।
নিহত টুকুর স্ত্রী শামসুন নাহার লতার দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান এসআই সেলিম বাদশা।
রোববার বিকালে গোরহাঙ্গায় নগর ভবনের সামনে নিজ ব্যবসায়িক কার্যালয়ে জিয়াউল হক টুকু গুলিবিদ্ধ হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় রবিউল ইসলাম ও জসিম উদ্দিনকে আটক করা হয়।
এছাড়া টুকুর ব্যবসায়িক অংশীদার নয়ন ও তরিকুল নামের একজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে পুলিশ জানিয়েছে।
