রাজশাহীতে আ. লীগ নেতা হত্যায় মামলা, আসামি ৫
রাজশাহীতে জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক জিয়াউল হক টুকু হত্যার ঘটনায় পাঁচ জনকে আসামি করে মামলা হয়েছে।
সোমবার বিকালে বোয়ালিয়া থানায় তার স্ত্রী শামসুন নাহার লতা বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।
মামলায় ঢাকা মতিঝিল এলাকার নয়ন (৪৫), রাজশাহী নগরীর বোসপাড়া এলাকার সালাউদ্দিনের ছেলে ও কানাডা প্রবাসী তরিকুল ইসলাম (৪৮), মহিষবাতান এলাকার ব্যবসায়ী (ঠিকাদার) রবিউল ইসলাম (৪৬) ও সুলতানাবাদের কাপড় ব্যবসায়ী জসিম উদ্দিনের (৪৮) নাম উল্লেখসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
এদের মধ্যে রবিউল ও জসিমকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার।
তিনি বলেন, ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিসহ পাঁচজন ঘটনার সময় সেখানে ছিলেন।
আটক দুই আসামির বরাত দিয়ে পুলিশ কমিশনার বলেন, রবিউল ও জসিম আগে থেকেই টুকুর অফিসে বসা ছিলেন। পরে মাইক্রোবাসে করে আসেন নয়ন, তরিকুল ও এক অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি।
“নয়ন ও তরিকুল গাড়ি থেকে নেমে টুকুর অফিসে গেলেও ওই ব্যক্তি গাড়ি থেকে নামেনি। গুলিবিদ্ধ হওয়ার পর ওই গাড়িতে টুকুকে হাসপাতালে নামিয়ে তারা পালিয়ে যান।”
রোববার বিকেলে নগরীর গৌরহাঙ্গা নগর ভবনের সামনে নিজ ব্যবসায়ীক কার্যালয়ে গুলিদ্ধি হন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রশাসক জিয়াউল। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
