২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেজাউল হত্যা: আশ্বাসে ভরসা পাচ্ছেন না শিক্ষকরা  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের বিচারে অগ্রগতি না হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2016, 08:21 PM

Updated : 11 Oct 2022, 08:10 PM

পুরনো খবর:

রেজাউল হত্যা: শাবি শিক্ষকদের কর্মবিরতি
শিক্ষক খুনের প্রতিবাদে সব বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতির ডাক
রেজাউল হত্যা: ২ খুনি শনাক্তের দাবি পুলিশের
অধ্যাপক রেজাউল হত্যা: চবি শিক্ষকদের কর্মবিরতি
রেজাউল হত্যায় আটক যুবক শিবির নেতা
রাবি অধ্যাপক রেজাউলকে কুপিয়ে হত্যা

ফেডারেশানের সভাপতি ফরিদউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশে মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আছে, কিন্তু তাদের আচরণ মুক্তিযুদ্ধের সঙ্গে যায় না। তারা বারবার যে আশ্বাস দিচ্ছে সেই আশ্বাস আমাদের মনকে শান্ত করতে পারছে না।

“বছরের পর বছর ঘুরিয়ে বিচারের নামে এসব প্রহসন চলবে না।”

রেজাউল হত্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে শিক্ষকরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনে যাবেন বলে হুশিয়ার করেন তিনি।

মঙ্গলবার দুপুরে রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।

গত ২৩ এপ্রিল নগরীর শালবাগান এলাকায় নিজ বাসা থেকে ৫০ গজ দূরে অধ্যাপক রেজাউল করিমকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপচার্য মুহাম্মদ মিজানউদ্দিন বলেন, রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের শিকার না হলে তিনি এখন বেঁচে থাকতেন। যারা এই সহজ, সরল মানুষটির বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এ সরকারকেই দিতে হবে।

তিনি দ্রুত এ হত্যাকাণ্ডের বিচারের দাবি করেন।

বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ তুলেছেন রেজাউলের পরিবার।  

দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মহাসমাবেশে রেজাউল করিম সিদ্দিকীর স্ত্রী হোসনে আরা শিলা ও উপস্থিত ছিলেন। 

বিচারের অগ্রগতি নিয়ে সংশয় প্রকাশ করে হোসনে আরা বলেন, “আজ এগারোটা দিন পেরিয়ে গেল, তারপরও কেউ কোনো আশা দিতে পারল না। আমি কি সিদ্দিকীর হত্যার বিচার পাব?

“এর আগে যারা হত্যা হয়েছে তারা কি বিচার পেয়েছে?”

গেল কয়েক বছর ধরে দেশে লেখক, প্রকাশক ও ব্লগারদের কুপিয়ে হত্যার ঘটনা ঘটলেও সেসব  হত্যাকাণ্ডের বিচারের কোনো অগ্রগতি হয়নি। গত বারো বছরে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়েই চারজন শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

সেসব হত্যাকাণ্ডেরও শেষ পর্যন্ত কোনো সুরাহা হয়নি।  

হোসনে আরা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেন দেশ অনেক এগিয়েছে, আপনি রেজাউলের হত্যার বিচার করে সেই এগুনোর প্রমাণ দিন। দেশের আর কোনো স্ত্রীকে যেন তার স্বামীর হত্যাকাণ্ডের পর এভাবে সমাবেশে বক্তব্য দিতে না হয়।

“আমি অনেক কিছু হারিয়েছি। বিচার পেয়ে যাতে এটুকু সান্ত্বনা থাকে যে, তার হত্যার বিচার পেলাম।”

রেজাউল করিম সিদ্দিকীর মেয়ে রেজোয়ানা হাসিন শতকি বলেন, “দেশে যেভাবে বিচারহীনতা দেখতে পাচ্ছি তাতে করে খুব একটা আশা দেখতে পাচ্ছি না। সরকারের প্রতি আমার অনুরোধ আমার বাবার হত্যার বিচার হোক।”

অধ্যাপক রেজাইল হত্যার পর থেকেই  এ ঘটনার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও শিক্ষকেরা বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি পালন করে আসছেন।

প্রতিবাদ অব্যাহত

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা নিজ নিজ বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসমাবেশে যোগ দেয়। এছাড়া সকাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ ভবনের সামনে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

মহাসমাবেশে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা সংহতি প্রকাশ করে বলেন, রাজিব, “অভিজিত কিংবা দীপনকে হত্যা করা হলো, কিন্তু তাদের হত্যার বিচার করা যায়নি। অনেক সংখ্যালঘুকে হত্যা করা হচ্ছে, তারা জানেই না তাদের অপরাধ কী। এই বিচার না হওয়া আমাদের পশ্চাৎ গমন।”

তিনি বলেন, আজ নিহত অধ্যাপকের স্ত্রী, কন্যা বিচার চাইছে। কিন্তু তাদের এ বিচাররের নিশ্চয়তা কে দিবে?

সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ।

এছাড়া বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মোকাদ্দাম হোসেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সহসভাপতি আনন্দ কুমার সাহা, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি নীরেন্দ্র নাথ মোস্তাফীসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

রেজাউল করিমকে হত্যার ঘটনায় সেদিনই নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেছে ওই শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ। পরে গোয়েন্দা পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ঘটানয় পাঁচজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে তিনজনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং অপর দুইজনকে জিজ্ঞাসাবাদ চলছে।