২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক রেজাউল হত্যা: চবি শিক্ষকদের কর্মবিরতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে তিন ঘণ্টা কর্মবিরতি ও এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2016, 02:08 PM

Updated : 20 Aug 2022, 12:36 PM

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এফ এম আওরঙ্গজেব জানান, অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো তাদের ক্যাম্পাসেও সোমবার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়।

তিনি বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিমনা শিক্ষক ড. রেজাউলকে হত্যার প্রতিবাদ ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে আমরা কর্মবিরতি পালন করেছি। এই সময়ে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।”

পরে বেলা ১২টা থেকে শিক্ষকরা বুদ্ধিজীবী চত্বরে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন বলে অধ্যাপক আওরঙ্গজেব জানান।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এদিন সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টা থেকে কালো ব্যাজ পরে কর্মবিরতি শুরু হয়।

শিক্ষক সমিতির সভাপতি বলেন, “এটা পূর্ণদিবস কর্মবিরতি না। এজন্য বিভাগগুলোর সভাপতিদের নির্ধারিত পরীক্ষা না পেছানোর অনুরোধ করা হয়েছে। কর্মবিরতি শেষ হলে আজই পরীক্ষাগুলো নেওয়া হবে।”

২৩ এপ্রিল রাজশাহীর শালাবাগান এলাকায় নিজের বাসার কাছে খুন হন অধ্যাপক রেজাউল করিম। তার ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ ওই দিনই নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। গোয়েন্দা পুলিশ এ মামলার তদন্ত করছে।