রেজাউল হত্যা: শাবি শিক্ষকদের কর্মবিরতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ সামসুল আলম জানান, সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতির পাশাপাশি কালো ব্যাজ ধারণ করেন শিক্ষকরা।
পরে দুপুর ১২টা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সমনে ১ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হয়। শিক্ষকদের এই কর্মসূচিতে জাফর ইকবালও অংশ নেন বলে জানান তিনি।
সৈয়দ সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা তিন ঘণ্টার এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছি।
রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করে তিনি বলেন, “আশা করি সরকার দ্রুত পদক্ষেপ নিবে। তা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
সোমবার সকাল ১০টা থেকে সব বিশ্ববিদ্যালয়ে একযোগে শিক্ষকরা কালো ব্যাজ পরে কর্মবিরতি শুরু করেন এবং বেলা ১২টা থেকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন।
