২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মাস পর মাছ শিকারে নামছে জেলেরা

সরকারি নিষেধাজ্ঞায় দুই মাস বন্ধ থাকার পর চাঁদপুরের পদ্মা-মেঘনায় পয়লা মে থেকে মাছ শিকার শুরু হচ্ছে। মাছ ধরার জন্য এরমধ্যে জেলেরা তাদের নৌকা ও জাল মেরামত করে তৈরি হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

শোভন আল ইমরান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2016, 12:19 AM

Updated : 11 Oct 2022, 08:10 PM

জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৬ সাল থেকে প্রতিবছর মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদীকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালন করে সরকার।

এ সময় তালিকাভুক্ত জেলেদের আর্থিক সুবিধা দেওয়ার ব্যবস্থা যেমন রয়েছে তেমনি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে শাস্তির বিধানও আছে।

মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান বলেন, গত দুই মাস নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ২৯০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৪০ জেলেকে ৮ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া তালিকাভুক্ত ৪১ হাজার ৪২ জেলেকে নিষেধাজ্ঞার আগে-পরে দুই মাসসহ মোট চার মাস প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হয়।

তবে এই সুবিধা প্রয়োজনের তুলনায় সামান্য বলে জানান জেলেরা।

সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার জেলে মো. ইব্রাহিম বলেন, দুই মাস নিষেধাজ্ঞা থাকায় আমরা কোনো ধরনের মাছ শিকার করতে পারিনি। এ সময় পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে দিন কাটাতে হয়েছে।

“সরকার চাল দেয়। কিন্তু শুধু চাল দিয়ে তো জীবন চলে না। ছেলে-মেয়ের লেখাপড়া এবং বাজার করার জন্য টাকা-পয়সাও তো দরকার হয়।”

জেলে মো. সোলেমান বলেন, “আমরা ইতোমধ্যে মাছ ধরার জাল ও নৌকা মেরামত করেছি। পয়লা মে থেকে নদীতে মাছ ধরব। অভাবের দিন শেষ হবে।”

হাইমচর উপজেলার জেলে মো. ইদ্রিস, হারুন ও মোতালেবসহ অনেক জেলে একই আশাবাদ ব্যক্ত করেছেন।

মোতালেব আরও বলেন, যে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ থাকে সে সময়ের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে জেলেরা নদীতে নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে পুরোপুরি বিরত থাকবে।

চাঁদপুর কান্ট্রি ফিশিং বোট মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিকও একই কথা বলেন।

“মাছ শিকার নিষিদ্ধ সময়ে জেলেদের নামকাওয়াস্তে চাল দেওয়া হয়। তা দিয়ে জীবন চলে না। মাছ ধরা বন্ধ রাখতে হলে সে সময়ের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।”

এ বিষয়ে মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান বলেন, জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

প্রতিবছরই স্বল্পসংখ্যক জেলের জন্য বিকল্প কর্মসংস্থান করা হয় বলে মৎস্য কর্মকর্তা জানান।