বোমা ফাটিয়ে ডাকাতি, রাজশাহীতে আটক ৮
রাজশাহী মহানগরীতে বোমা ফাটিয়ে ৫০ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগে থানায় মামলা এবং এ ঘটনায় আটজন আটক হয়েছে।
শনিবার দুপুরে এম রায় জুয়েলার্সের মালিক মনিস রায় বোয়ালিয়া মডেল থানায় অজ্ঞাত ১৫ জনকে আসামি দেখিয়ে মামলা করেন বলে ওসি শাহাদত হোসেন খান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় এম রায় জুয়েলার্সে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় এর মালিক মনিস রায় ১ লাখ ১০ হাজার টাকাসহ ৫০ লাখ ৩০ হাজার টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগে মামলা করেছেন।
অপরদিকে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশ আটজনকে আটক করেছে বলে জানান পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।
শনিবার সন্ধ্যায় আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির বিশেষ সভা শেষে কমিশনার সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটককৃতদের পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান। তবে পুলিশ অটককৃতদের নাম-ধাম প্রকাশ করেনি।
