২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোপে আহত গাজীপুরের এক আ.লীগ নেতার মৃত্যু

প্রতিপক্ষের কোপে আহত গাজীপুরে এক আওয়ামী লীগ নেতা চিকিৎধীন অবস্থায় মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2016, 07:53 PM

Updated : 11 Oct 2022, 08:09 PM

শনিবার সকালে শাহজাহান মারা যান বলে পুলিশ জানায়। শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর গাছায় হামলা শিকার হয়েছিলেন তিনি।

নিহত মো. শাহজাহান (৪২) গাজীপুর মহানগরীর গাছার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

লাশের সুরতহাল প্রস্তুতকারী জয়দেবপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, নিহতের মাথা, হাত, পা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

নিহতের ভাই মফিজ উদ্দিন ও স্থানীয়রা জানায়,  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতার সমর্থকদের মধ্যে এক সংঘর্ষের জেরে শুক্রবারও মারধরের ঘটনা ঘটে।

এতে নিহতের ভাগ্নে রমজান আহত হন। আহত ভাগ্নেকে হাসপাতাল নেওয়ার পথে গাছা বঙ্গবন্ধু কলেজ মোড়ে প্রতিপক্ষের লোকজন মাইক্রোবাসের গতিরোধ করে শাহজাহানকে নামিয়ে মারধর করে বলে অভিযোগ মফিজের।

এ ঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার উত্তরার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।