২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি-জামায়াতের ছাতার তলেই জঙ্গি: ইনু

সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিএনপি প্রশ্ন তোলার পর এর জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি-জামায়াতের ছাতার’ নিচেই গুপ্তহত্যাকারী ও জঙ্গিদের আস্তানা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2016, 04:01 PM

Updated : 20 Aug 2022, 12:34 PM

শুক্রবার কুষ্টিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, জঙ্গিদের সঙ্গে নিজেদের ‘সম্পর্ক আড়াল করতেই’ বিএনপি এসব ‘অপ্রচার’ চালাচ্ছে।

“সরকার সারাদেশে মানুষের জানমালের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে। কিন্তু দেশে এখনও কিছু ছিঁটেফোটা গুপ্তহত্যা ও অতর্কিত হামলার ঘটনা চলছে।

“যারা এর আশ্রয় নিচ্ছে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। বিএনপি-জামায়াতের ছাতার তলেই এসব গুপ্ত হত্যাকারী ও জঙ্গিদের আস্তানা।”

বাংলাদেশে মুক্তমনা লেখক, ব্লগার, শিক্ষক, অনলাইন অ্যাকটিভিস্ট, মসজিদের ইমাম, পুরোহিত, পাদ্রীসহ ভিন্ন মতাবলম্বীদের ধারাবাহিক হত্যাকাণ্ডের সর্বশেষ শিকার সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়। গত সোমবার রাজধানীর কলাবাগানে বাড়িতে ঢুকে তাদের কুপিয়ে হত্যা করা হয়।

ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত চক্র বিভিন্ন স্থানে ‘পরিকল্পিত গুপ্তহত্যা’ চালাচ্ছে।

এরপর বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় বলেন, “জামায়াত-বিএনপি করছে, আর আপনি এখানে বসে বসে ঘোড়ার ঘাস কাটছেন? আপনার পুলিশ কী ঘোড়ার ঘাস কাটে? ধরা পড়লে দেখা যায়, তারা আশে-পাশেই নাই।”

সরকার দায়িত্ব পালনে ‘ব্যর্থ হয়ে’ বিরোধী দলের ওপর দায় চাপাতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।

গয়েশ্বরের বক্তব্যর পাল্টায় জাসদ সভাপতি ইনু বলেন, “২১ অগাস্ট শেখ হাসিনাকে হত্যা চেষ্টাকারী এবং জঙ্গিদের পক্ষে যারা ওকালতি করে, এদের পৃষ্ঠপোষক, আশ্রয়দাতারা এবং তাদের রাজনৈতিক বন্ধুরা গুপ্তহত্যার অপরাজনীতির সাথে জড়িত।”

তথ্যমন্ত্রী বলেন, সব হত্যাকাণ্ডেরই তদন্ত চলছে; সরকার খুনিদের ‘এক চুলও’ ছাড় দেবে না।

“বেশিরভাগ মামলায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং যারা বলছেন সরকার জঙ্গি ও গুপ্তহত্যাকারীদের ব্যাপারে উদাসীন, এই কথা সত্যি নয়। সরকার এতো কঠোর যে তারা পিছু হঠতে বাধ্য হয়েছে।”

খালেদা জিয়া ও জামায়াতে ইসলামী ‘জঙ্গিদের সঙ্গে সর্ম্পকচ্ছেদ’ না করা পর্যন্ত গুপ্তহত্যার ঘটনায় তাদের ‘সন্দেহের চোখে দেখা হবে’ বলেও মন্তব্য করেন ইনু।

কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন এ সময় উপস্থিত ছিলেন।