বাঁকখালী নদীতে স্পিড বোট উল্টে শিশু নিহত
কক্সবাজারের বাঁকখালী নদীতে স্পিড বোট উল্টে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন শিশুটির মা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি মো. আসলাম হোসেন।
নিহত মোহাম্মদ মাহিন (৪) মহেশখালী উপজেলার হোয়ানক এলাকার ছালামত উল্লাহর ছেলে।
আহত ফাহমিদা আক্তারকে (৪০) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, বাঁকখালী নদীর ৬ নম্বর জেটি ঘাট থেকে স্পিড বোটটি যাত্রী নিয়ে মহেশখালী যাচ্ছিল। পথে বাঁকখালীর নদীর খালের মুখ এলাকায় বোটটি উল্টে যায়।
“দুর্ঘটনার সময় ভাটা থাকায় যাত্রীরা সাঁতরে কূলে উঠতে পারলেও শিশুটি ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে তার মা আহত হন। পরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা শিশুটি ও তার মাকে উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।”
জেটি ঘাট ইজারাদারের নিয়োগ করা টোল আদায়কর্মী মোহাম্মদ ইসমাঈল বলেন, বাঁকখালী নদীতে নোঙর করা মাছ ধরা ট্রলারের রশির সঙ্গে ধাক্কা লেগে বোটটি উল্টে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এস বি শর্মা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মৃত্যু হয়েছে।পেটে অতিরিক্ত পানি ঢুকে পড়াতে তার মৃত্যু হয়।
