২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থীর পক্ষে না থাকায় পটল ক্ষেত নষ্টের অভিযোগ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক সদস্য প্রার্থীর পক্ষে কাজ না করায় এক কৃষকের পটল ক্ষেত নষ্ট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জয়পুরহাট প্রতিনিধি

মোমেন ‍মুনি,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 06:09 PM

Updated : 11 Oct 2022, 08:08 PM

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারাহুত-গোয়ালপাড়া গ্রামে নির্বাচন পরবর্তীকালে দুর্বৃত্তরা কৃষক সজল কুমার দাসের ৪৪ শতক পটল ক্ষেতের লতানো গাছগুলো গোড়া থেকে ছিঁড়ে ফেলেছে।

এতে তার প্রায় সাড়ে ৩-৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন।

গত ২৩ এপ্রিল পাঁচবিবি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। ওই নির্বাচনে ভারাহুত গ্রামের সজল ও তার পরিবার কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রচারে অংশ নেয়নি বলে গ্রামবাসী জানায়।

ওই নির্বাচনে পরাজিত সদস্য প্রার্থী আব্দুল হাকিম ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ডলি রানীর কর্মীরা তখন অভিযোগ তুলেছিলেন- সজল প্রতিপক্ষ প্রার্থীদের সাথে গোপনে নির্বাচনী প্রচারে কাজ করছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক সজল বলেন, “এ নিয়ে তখনকার সদস্য প্রার্থী আব্দুল হাকিম ও ডলি রানী ও তাদের কর্মীরা আমাকে নানাভাবে ভয়-ভীতি দেখালে তাদের সাথে আমার তীব্র বাক-বিতণ্ডা হয়।”

ওই গ্রামের মাধবী রানী, বিপ্লব চন্দ্র মন্ডল, হেলাল উদ্দিন সহ বেশ কয়েকজনের সন্দেহ নির্বাচনে আব্দুল হাকিম ও ডলি রানী হেরে যাওয়ার পর তারা বা তাদের কর্মীরা তার ফসল নষ্ট করে থাকতে পারে।

সজল জানান,  ৩ মাস আগে পটল চাষ শুরু করেন, এতে তার ব্যায় হয়েছে প্রায় ৮০ হাজার টাকা।কেবল পটল ধরা শুরু করেছে।

প্রতি বারের মতো এক বছরের এই ফসলে সাড়ে ৩-৪ লাখ টাকার ফসল পাওয়ার তার আশা ছিল।

পটলক্ষেত নষ্ট কারণে আর্থিক ক্ষতি আগামী ৫ বছরেও পুষিয়ে নিতে পারবেন না বলে জানান তিনি।

ভারহুত গ্রামের বকুল হোসেন, এন্তাজুল ইসলাম, পার্শ্ববর্তী সন্তাদিগর গ্রামের ইউপি সদস্য হাম্মদ আলীসহ এলাকবাসী সজলের ক্ষতিপূরণের দাবি করেন।

এ নিয়ে কথা বলতে আব্দুল হাকিম ও ডলি রানীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্তে জানা গেছে নির্বাচন পরবর্তী ২৪/২৫ তারিখ রাতে পটল ক্ষেতগুলো নষ্ট করা হয়েছে।”