সীমান্তে গান পাউডার উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে সাড়ে চার কেজি গান পাউডার উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার নামোজগন্নাথপুর এলাকায় সীমান্ত পিলার ১৩/৬-এস থেকে পাঁচ মিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে একটি নৌকা থেকে এ পাউডার উদ্ধার করা হয় বলে জানান চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আবুল এহসান।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি কর্মকর্তা বলেন, গোপন খবরে নৌকাটিকে ঘাটে ভিড়ানোর সংকেত দেয় বিজিবি। মাঝি নৌকাটি ঘাটে নোঙর করলে বিজিবির টহল দল তল্লাশি চালিয়ে একটি ব্যাগের মধ্যে রাখা চার কেজি ৬০০ গ্রাম গান পাউডার পায়।
নৌকায় ১০-১২ জন যাত্রী থাকলেও জিজ্ঞাসাবাদে কেউ ব্যাগের মালিকানা স্বীকার করেনি বলে জানান তিনি।
