২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ২ লাখ ইয়াবা উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে দুই লাখের বেশি ইয়ারা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। ওই সময় এক যুবককে আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 03:07 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

বুধবার টেকনাফ সদরের নাফ নদীর ৩ নম্বর ও ৪ নম্বর স্লুইচ গেইট এলাকায় অভিযান চালানো হয় বলে বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন।

আটক মো. হোসেন আহমেদ (২০) টেকনাফ পৌর এলাকার কুলালপাড়ার ইমাম হোসেনের ছেলে। ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে বলে জানান আবুজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল ৮টার দিকে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান দেশে আসার গোপন সংবাদ পেয়ে বিজিবির সদস্যরা নাফ নদীর কিনারায় অবস্থায় নেয়।

তিনি বলেন, এ সময় নদীর ৪ নম্বর স্লুইচ গেইটে পাঁচ ব্যক্তিকে দেখে তাদের থামার জন্য সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে।বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে হোসেনকে আটক করে। তবে বাকিরা পালিয়ে যায়।

“পরে হোসেনের দেহে তল্লাশি চালিয়ে কোমরে গামছা দিয়ে বাঁধা অবস্থায় ২টি প্যাকেট উদ্ধার করা হয়, ওই প্যাকেটগুলোতে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।”

আবুজার বলেন, এর আগে গোপন খবর পেয়ে সকাল ৬টার দিকে নাফ নদীর ৩ নম্বর স্লুইচ গেইট এলাকায় বিজিবির সদস্যরা সেখানে আভিযান চালায়। এ সময় চার পাচারকারী মিয়ানমারের দিক থেকে ইঞ্জিন চালিত একটি নৌকা করে নাফ নদীর কিনারায় নামে।

“বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা নৌকা ফেলে নাফ নদীর শূন্য রেখা অতিক্রম করে পালিয়ে যায়। পরে ওই নৌকায় তল্লাশি চালিয়ে ২টি বস্তা উদ্ধার করা হয়।”

ওই বস্তার ভেতর ২ লাখ ৪ হাজার ইয়াবা ছিল বলে জানান আবুজার।

উদ্ধারকৃত ইয়াবাগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে এ বিজিবি কর্মকর্তা জানান।