২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কুষ্টিয়া শহরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একাধিক মামলার এক আসমি নিহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 08:42 AM

Updated : 20 Aug 2022, 12:33 PM

অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের হাউজিং মাঠ এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত আমিরুল ইসলাম (৪২) কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার সোনাইডাঙ্গা গ্রামের জবের মিস্ত্রির ছেলে।

আমিরুলের বিরুদ্ধে হত্যা ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে থানায় সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এএসপি জয়নুল বলেন, রাতে ‘একদল ডাকাত’ হাউজিং মাঠ এলাকার ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে যায়।

“ডাকাতরা এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় আমিরুলকে উদ্ধার করা হয়।”

পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এএসপি।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র, গুলি ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।