বুড়িগঙ্গায় দুই ভাসমান লাশ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ, যাদের একজন একদিন আগে নৌকা ডুবে নিখোঁজ হয়েছিলেন।
মঙ্গলবার সকালে ও দুপুরে উপজেলার সিমসন ঘাট ও বাদামতলী মসজিদ ঘাট এলাকায় লাশ দুটি পাওয়া যায় বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. সামসুল আলম।
নিহত মো. সোরহাব মোল্লা (৬০) বরিশালের বানারীপাড়ার করফাকর গ্রামের বাসিন্দা। তিনি বুড়িগঙ্গায় খেয়া পারাপারের মাঝি। উদ্ধার অপর লাশটির পরিচয় জানাতে পারেননি তিনি।
অজ্ঞাতপরিচয় ১৬ বছর বয়সী ওই কিশোরের পরনে ছাই রঙের প্যান্ট ও সারা শরীরে বৈদ্যুতিক তার জড়ানো ছিল বলে জানান তিনি।
এসআই সামসুল বলেন, “সোমবার সন্ধ্যার দিকে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হয় মাঝি সোহরাব মোল্লা।
“মঙ্গলবার সকালে তার লাশটি সিমসন ঘাট এলাকায় ভেসে উঠলে স্থানীয়রা খবর দেয়।”
উদ্ধার করে তার পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে দুপুরে বাদামতলী মসজিদ ঘাট এলাকায় বুড়িগঙ্গায় ওই কিশোরের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
“লাশটি অর্ধগলিত হওয়ায় ছয়/সাত দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
ময়নাতদন্তের প্রতিবেদন না পেয়ে মৃত্যুর কারণ বলতে পারছে না পুলিশ।
