সাবেক কারারক্ষী খুনে বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেপ্তার
গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে সাবেক কারারক্ষীকে গুলি করে হত্যার ঘটনায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হিমেল আহমেদ নামে ২৫ বছর বয়সী ওই তরুণসহ মোট আটজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেছেন নিহত রুস্তম আলী হাওলাদারের স্ত্রী নাসরিন আক্তার।
মামলার এজাহারে বলা হয়েছে, রুস্তমের ছোট ভাইয়ের মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন হিমেল। রুস্তম তাতে বাধা দেন।
কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মোবারক হোসেন জানান, সোমবার রাতে দায়ের করা ওই মামলায় হিমেলসহ চারজনের নাম উল্লেখ করেছেন বাদী, বাকিরা ‘অজ্ঞাতপরিচয়’।
আসামিদের মধ্যে হিমেল বেসরকারি উত্তরা বিশ্ববিদ্যালয়ের এলএলবি চতুর্থ বর্ষের ছাত্র। আর কারও নাম এসআই মোবারক প্রকাশ করেননি। তিনি বলেছেন, বাকি আসামিদেরও গ্রেপ্তারে চেষ্টা চলছে।
রুস্তম আলী হাওলাদার কাশিমপুর মহিলা কারাগারের সার্জেন্ট ইনস্ট্রাক্টরের চাকরি থেকে গতবছরের শেষ দিকে অবসরোত্তর ছুটিতে যান। সোমবার সকালে কারাগারের প্রধান ফটকের ২০০ গজ উত্তরে একটি দোকান থেকে ওষুধ কেনার সময় মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা তাকে হত্যা করে।
এ ঘটনায় ওষুধের দোকানের মালিক সাইফুল ইসলাম, রুস্তমের ছোট ভাই মো. শাহ আলম ও রুস্তমের মেয়ে জামাই সোহেল রানাকে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেয় পুলিশ।
মামলা বাদী নাসরিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার দেবর শাহআলমের মেয়ে কোনাবাড়ি এলাকায় একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। সে যখন সপ্তম শ্রেণিতে পড়ত, তখন থেকেই তাকে উত্ত্যক্ত করে আসছিল হিমেল। এক সময় বিয়ের প্রস্তাবও দিয়েছিল সে।
“তবে রুস্তম বা পরিবারেরর কেউ তাতে রাজি ছিল না। ফের উত্ত্যক্ত করলে হিমেলকে পুলিশে দেয়ারও ভয় দেখিয়েছিল আমার স্বামী।”
নাসরিন বলছেন, কয়েক মাস আগে তার দেবরের সেই মেয়ের সঙ্গে তার ননদের ছেলের বাগদান হয়। হিমেল এ ক্ষোভ থেকেই রুস্তমকে খুন করে থাকতে পারেন বলে নাসরিনের সন্দেহ।
অন্যদিকে হিমেলের বাবা মো. হাসানের দাবি, তার ছেলে ‘লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকত’, যেসব অভিযোগ করা হচ্ছে, তা ‘সঠিক নয়’।
এসআই মোবারক বলেন, বাদীর অভিযোগ ও অন্যান্য বিষয় ‘গুরুত্বের সঙ্গে’ বিবেচনা করছেন তারা।
এ ঘটনার তদন্তে দুটি কমিটি করা হয়েছে। কারা বিভাগের পক্ষ থেকে করা তিন সদস্যের কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে এবং পুলিশের করা চার সদস্যের কমিটিকে দুই কর্মদিবসে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
