কারারক্ষী হত্যায় আটক ৩, দুই কমিটি
গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারের সার্জেন্ট ইনস্ট্রাক্টরকে গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক ও দুটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রুস্তম আলী হাওলাদার (৬০) ওই কারাগারের প্রধান ফটকের ২০০ গজ উত্তরে মেডিকেল কর্নার থেকে ওষুধ কেনার সময় মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা তাকে হত্যা করে।
এ ঘটনায় ওই ওষুধের দোকানের মালিক সাইফুল ইসলাম (৩৬), রুস্তমের ছোট ভাই মো. শাহ আলম (৪৫) ও রুস্তমের মেয়ে জামাই সোহেল রানাকে (৩২) আটক করা হয়েছে বলে জয়দেবপুর থানার ওসি খন্দকার মো. রেজাউল হাসান রেজা জানান।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহতের স্ত্রী নাসরিন আক্তার বলেন, সকাল সাড়ে ৯টার দিকে তিনি ও রুস্তম আলী কোনাবাড়ি বাজার করতে যান।
“পরে বাসায় ফিরে রেশনের চাল বিক্রি করতে যান রুস্তম আলী। এর কিছুক্ষণ পরই তিনি গুলিবিদ্ধ হওয়ার কথা শুনতে পাই। ঘটনাস্থলে গিয়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখি।”
নাসরিন তার স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সুপার সুব্রত কুমার বালা বলেন, সার্ভিস বুকে রুস্তমের বাড়ি ‘কুমিল্লা’ উল্লেখ আছে।
“তবে তার পরিবার বলছে, তাদের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার চরকগাছিয়া এলাকায়। তার বাবার নাম আব্দুল মান্নান হাওলাদার।”
রুস্তম আলীর একটি মেয়ে রয়েছে বলে কারা কর্মকর্তা জানিয়েছেন।
দুই কমিটি
রুস্তম আলী হত্যার ঘটনায় দুটি কমিটি গঠন করা হয়েছে।
গাজীপুর কারাগারের সিনিয়র সুপার সুভাষ ঘোষ জানান, কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন ঘটনাস্থল পরিদর্শনে এসে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক (ডিআইজি) গোলাম হায়দারকে প্রধান এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার মো. মিজানুর রহমান ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার দেওয়ান তরিকুল ইসলামকে সদস্য করা হয়েছে।
প্রতিবেদন জমা দেওয়ার সময় সাত কার্যদিবস।
এছাড়া পুলিশের পক্ষ থেকে আরেকটি কমিট গঠন করা হয়েছে।
গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন জানান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলায়মানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এর সদস্যরা হলেন এএসপি সদর সার্কেল মো. মনোয়ার হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন ও জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান।
এ কমিটিকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রতিবেদন তৈরির জন্য দুই দিন সময় দেওয়া হয়েছে।
